অনলাইনে রিটার্ন দাখিলে ২ হাজার টাকা মওকুফ

১১ জুন, ২০২০ ১৮:২২  
করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ বাজেট ঘোষণা করা হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। প্রস্তাবিত বাজেটে অনলাইনে রিটার্ন দাখিলকে জনপ্রিয় করতে কর ছাড় দেয়া হয়েছে। যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করবে তাদেরকে ২ হাজার টাকা কর ফেরত দেয়া হবে। যা আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়া ত্বরান্বিত করবে। টিআইএন থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক: সব টিআইএনধারীদের জন্য প্রস্তাবিত বাজেটে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে রিটার্ন জমার সংখ্যা বাড়ে এবং কর ফাঁকি বন্ধ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। পাশাপাশি সব শ্রেণির করদাতাদের সুবিধার্থে রিটার্ন জমার ফরম সহজ করা হয়েছে। চলতি অর্থবছর থেকে কম আয়ের লোকজন এক পৃষ্ঠার ফরমে রিটার্ন জমা দিতে পারবেন।